মাটির বাড়ি চাপা পড়ে মৃত দুই
দি নিউজ লায়ন ; মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হল দু ভাই এর। ঘটনায় গুরুতর জখম হলেন বাবা। গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার জয়পুর থানার সুপুর গ্রামে। মৃত দুই ভাই এর নাম সন্তোষ বিশ্বাস (৫২)ও বিকাশ বিশ্বাস (৪৫)। বাবা অনিল বিস্বাসকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে জয়পুর থানার সুপুর গ্রামে একটি ৬০ থেকে ৭০ বছরের পুরানো মাটির বাড়িতে বসবাস করতেন অনিল বিস্বাসের পরিবার। গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ দুই ছেলে সহ পরিবারের পাঁচ সদস্য যখন গভীর ঘুমে সেই সময় আচমকা বাড়ির একাংশ ভেঙে পড়তে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে দুই ছেলে সহ চার জন বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু ঘরের মধ্যে থেকে যান বাবা অনিল বিশ্বাস।
জীবনের ঝুঁকি নিয়ে বাবাকে বের করে আনতে ফের ঘরের মধ্যে ঢোকে দুই ছেলে। এই সময় গোটা বাড়িটি হুড়মুড় করে ভেঙে পড়ে তিন জনের গায়ে। পরে গ্রামবাসী ও পুলিশ যৌথ ভাবে মাটি সরিয়ে বাবা অনিল বিস্বাসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও দুই ভাই সন্তোষ ও বিকাশ বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। পরে জয়পুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। একসাথে দুই ভাই এর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment